বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ওয়ার্ক পারমিট নির্দেশনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নবায়ন ও স্থানান্তর নিয়ে নতুন জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ (Qiwa) প্ল্যাটফর্ম। নতুন নির্দেশনা অনুযায়ী, ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকবে, তাদের নাম নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মীকে বৈধভাবে প্রতিষ্ঠানের অধীনে দেখানো যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মীকে কাজে রাখলে সংশ্লিষ্ট সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে। তাই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
তবে একটি বিশেষ ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামা (বাসস্থান অনুমতিপত্র) যদি আরও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না। কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে।
কিওয়া প্ল্যাটফর্ম আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে ওয়ার্ক পারমিট নবায়ন না করা কর্মীদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড বাতিলের প্রক্রিয়া কার্যকর হবে। এজন্য নিয়োগকর্তাদের দ্রুত বকেয়া ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নবায়ন বা স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি প্রশাসনের এ সিদ্ধান্ত দেশটিতে কর্মরত বিদেশি কর্মী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো ওয়ার্ক পারমিট ও ইকামা নবায়ন না করলে চাকরি, আইনি অবস্থান এবং নিয়োগকর্তা—উভয় পক্ষই জটিলতার মুখে পড়তে পারেন।



