দেশ ছাড়ছেন হাজারো বিদেশি

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী আন্দোলন ও সহিংসতা তীব্র আকার ধারণ করায় প্রাণভয়ে দেশ ছাড়তে শুরু করেছেন হাজারো বিদেশি নাগরিক। নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে আল্টিমেটাম, হামলা এবং ভয়ভীতির ঘটনায় বিশেষ করে মালাউই, জিম্বাবুয়ে, মোজাম্বিকসহ বিভিন্ন আফ্রিকান দেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোহানেসবার্গের উপকণ্ঠে বসবাসরত এক মালাউই নাগরিককে স্থানীয়রা সরাসরি হুমকি দিয়ে বলেছেন, “এখনই চলে যাও, নয়তো কফিনে ফিরতে হবে।” এমন পরিস্থিতিতে অনেক অভিবাসী দ্রুত নিজ দেশে ফেরার চেষ্টা করছেন।

গত কয়েক মাস ধরে ‘মার্চ অ্যান্ড মার্চ’ এবং ‘অপারেশন দুদুলা’ নামে পরিচিত কয়েকটি গোষ্ঠী নথিবিহীন বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, বিদেশিরা স্থানীয়দের চাকরি দখল করছে, অপরাধ বাড়াচ্ছে এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এসব গোষ্ঠী ৩০ জুনের মধ্যে নথিবিহীন অভিবাসীদের দেশ ছাড়ার দাবি জানিয়েছে।

এদিকে কেপটাউন ও জোহানেসবার্গে উত্তেজনা বাড়তে থাকায় শত শত অভিবাসী নিজ নিজ দেশের কনস্যুলেটের সামনে ভিড় করছেন। অনেকেই নিরাপদে দেশে ফেরার সহায়তা চাইছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বিদেশিদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, কোনো ধরনের সহিংসতা সরকার মেনে নেবে না। তিনি এসব কর্মকাণ্ডকে কিছু সুবিধাবাদী গোষ্ঠীর উসকানিমূলক তৎপরতা বলে উল্লেখ করেছেন।

তবে বাস্তবে হামলার ঘটনা বাড়ছেই। মে মাসে মোসেল বে এলাকায় দুই মোজাম্বিক নাগরিক নিহত হন এবং ৫০টির বেশি ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। ডারবানের কাছে গণপিটুনিতে এক মালাউই নাগরিকের মৃত্যু হয়েছে। নিরাপত্তার অভাবে বহু অভিবাসী গির্জা ও মসজিদে আশ্রয় নিয়েছেন।

অপারেশন দুদুলা গোষ্ঠীর সদস্যরা বিদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে অভিযান চালানো, রাস্তায় পরিচয়পত্র যাচাই এবং সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগের মুখে রয়েছে। গোষ্ঠীটির অন্যতম নেতা এনকোসিখোনা এনদাবানদাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের দেশ ছাড়ার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে হয় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, নয়তো বহিষ্কার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উচ্চ বেকারত্ব, অর্থনৈতিক সংকট, অপরাধপ্রবণতা এবং বর্ণবৈষম্যের ঐতিহাসিক ক্ষোভের বহিঃপ্রকাশ এখন অভিবাসীদের ওপর পড়ছে। ২০০৮, ২০১৫ ও ২০১৯ সালের প্রাণঘাতী অভিবাসীবিরোধী হামলার পর বর্তমান পরিস্থিতিও একই ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি করছে।