দেশে এল ৩৫.৫৮ বিলিয়ন ডলার

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান আরও শক্তিশালী হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছরের তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

শুধু জুন মাসেই দেশে এসেছে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এ মাসে সর্বাধিক ৪৪১ দশমিক ৬৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক পেয়েছে ৩২৫ দশমিক ৮০ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৭৪ দশমিক ৩১ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৫৮ দশমিক ৪৮ মিলিয়ন ডলার এবং সোনালী ব্যাংক ৫৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ দশমিক ২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। এছাড়া ব্র্যাক ব্যাংক পেয়েছে ২৭৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার এবং ট্রাস্ট ব্যাংক ২৬২ দশমিক ১৪ মিলিয়ন ডলার। ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স সংগ্রহ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে মাসওয়ারি রেমিট্যান্স প্রবাহও ছিল ঊর্ধ্বমুখী। মার্চ মাসে দেশে এসেছে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এছাড়া ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুই অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের আস্থা বৃদ্ধি, বৈধ ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির কারণে রেমিট্যান্স প্রবাহে এই উল্লেখযোগ্য উল্লম্ফন হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতি আস্থা বৃদ্ধির ফলে ব্যাংকটি সরকারি খাতের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।