সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর: ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে হাইকোর্ট এলাকা থেকে অপহরণের পর গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তে ফজলুর রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান।
তিনি আরও দাবি করেন, ওই ঘটনায় ফজলুর রহমান ও তার টিমের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মো. শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের মাধ্যমেই পরিচালিত হবে।
উল্লেখ্য, সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার সাক্ষী ছিলেন। ২০১২ সালে হাইকোর্ট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তার অপহরণ ও গুমের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।



