প্যারিসে অভিবাসীদের মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ ইউনিট
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
যুদ্ধ, রাজনৈতিক নির্যাতন, বাস্তুচ্যুতি ও অনিশ্চিত অভিবাসনজীবনের মানসিক ক্ষত নিয়ে ফ্রান্সে আশ্রয় নেওয়া মানুষের জন্য বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে প্যারিসের ক্যাপসিস (CAPSYS) ইউনিট। ২০২১ সালে চালু হওয়া এই বিশেষ হাসপাতাল ইউনিটে শুধু অভিবাসী ও নির্বাসিতদের চিকিৎসা দেওয়া হয়। এখানে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, নার্স ও দোভাষীদের সমন্বয়ে গঠিত একটি দল রোগীদের চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করছে।
ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্ববিদ্যালয় হাসপাতাল গ্রুপের (জিএইচইউ) সাইকিয়াট্রি-প্রিকারিটি বিভাগের অধীনে পরিচালিত ইউনিটটি ইল-দ্য-ফ্রান্স অঞ্চলের স্বাস্থ্য সংস্থার অর্থায়নে পরিচালিত হচ্ছে। চিকিৎসকদের মতে, অতীতের নির্যাতনের পাশাপাশি ফ্রান্সে এসে আশ্রয়, বাসস্থান, অর্থনৈতিক সংকট ও বৈধ কাগজপত্রের অনিশ্চয়তাও অভিবাসীদের মানসিক অবস্থাকে আরও জটিল করে তোলে।
কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা ৩৪ বছর বয়সী জেরোম (ছদ্মনাম) সম্প্রতি এই ইউনিটে চিকিৎসা নিতে আসেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে তিনি ২০২৫ সালের শেষ দিকে ফ্রান্সে আশ্রয় নেন। চিকিৎসকদের কাছে তিনি জানান, দুঃস্বপ্ন, স্মৃতিভ্রংশ, আতঙ্ক এবং আত্মহত্যার চিন্তা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।
চিকিৎসকেরা তার উপসর্গকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-এর লক্ষণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। চিকিৎসকদের মতে, এমন অভিজ্ঞতার পর মনোযোগের ঘাটতি, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং সব সময় আতঙ্কে থাকা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া।
একই ইউনিটে চিকিৎসা নিচ্ছেন গিনির ৩৫ বছর বয়সী মেরি (ছদ্মনাম)। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিনি ফ্রান্সে পালিয়ে এলেও দুই সন্তানকে আফ্রিকায় রেখে আসতে হয়েছে। বৈধ কাগজপত্রের জটিলতার কারণে সন্তানদের কাছে যেতে না পারা এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তার মানসিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। বর্তমানে তিনি বিষণ্নতা, উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসা নিচ্ছেন।
ক্যাপসিস ইউনিটের অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে চিকিৎসার পাশাপাশি ভাষাগত সহায়তা, মনোসামাজিক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। যেসব রোগী স্বাস্থ্যবিমার আওতায় ওষুধের মূল্য ফেরত পান না, তাদের জন্য ইউনিটটিতে একটি ছোট ফার্মেসিও রয়েছে।
ইউনিটটির প্রধান মনোরোগ বিশেষজ্ঞ আন্দ্রেয়া বলেন, এটি এমন একটি কেন্দ্র, যেখানে মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। তবে অনেক সময় রোগীরা চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া বা বাসস্থান হারানোর মতো ঘটনায় আবার মানসিক সংকটে পড়ে যান। তখন নতুন করে চিকিৎসা শুরু করতে হয়।
দোভাষী মোসাদিক, যিনি নিজেও একসময় আশ্রয়প্রার্থী ছিলেন, বলেন, অনেক রোগীর জন্য সবচেয়ে বড় ওষুধ হলো কেউ মন দিয়ে তাদের কথা শোনা। নিজের অভিজ্ঞতার কারণে তিনি রোগীদের অনুভূতি সহজেই বুঝতে পারেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় এক হাজার অভিবাসী এই ইউনিটে চিকিৎসা নিয়েছেন। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর সেই সংখ্যা দেড় হাজারে পৌঁছাতে পারে। রোগীর সংখ্যা বাড়ায় ইউনিটটির বাজেটও সম্প্রতি প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তবে সেবার চাহিদা বাড়লেও জনবল সংকট এখনো বড় চ্যালেঞ্জ। বর্তমানে একজন চিকিৎসক, দুইজন নার্স এবং কয়েকজন সামাজিক কর্মীর পদ শূন্য রয়েছে। এরপরও চিকিৎসকেরা বলছেন, অভিবাসীদের বৈধ কাগজপত্র নয়, তাদের চিকিৎসাগত প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
চিকিৎসা শেষে জেরোমের একটি মন্তব্যই যেন এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। বিদায়ের সময় তিনি চিকিৎসককে বলেন, “আমার শুধু দরকার ছিল কেউ আমার কথা মন দিয়ে শুনুক। আপনারাই আমার জন্য ওষুধ।”



