কোটা অনুমোদনে বাতিল ‘কেস-বাই-কেস’ পদ্ধতি
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়া সরকার। এখন থেকে বিদেশি কর্মী কোটা অনুমোদনের ক্ষেত্রে ‘কেস-বাই-কেস’ পদ্ধতি বাতিল করে সম্পূর্ণভাবে ই-কোটা (e-Quota) মডিউলের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে।
নতুন ব্যবস্থায় বিদেশি কর্মী কোটার সব আবেদন ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ডিজিটালভাবে পরিচালিত হবে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয়, দ্রুত এবং স্বচ্ছ হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান ৬ জুলাই এক সংবাদ সম্মেলনে জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুলাই থেকে ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট ওয়ান-স্টপ সেন্টার মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেসুমা) অধীনে আনা হয়েছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি কর্মী নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
মন্ত্রী আরও বলেন, বিদেশি কর্মী কোটার অনুমোদনের জন্য এখন আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎ কিংবা তদবিরের প্রয়োজন হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে।
এ ছাড়া নতুন বিদেশি কর্মীদের জন্য একটি ট্রানজিট সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কর্মস্থলে নেওয়ার আগে নিয়োগদাতারা তাদের এই কেন্দ্রে রাখবেন। সরকারের মতে, এতে বিমানবন্দরের ভিড় কমবে, কর্মীদের সুষ্ঠুভাবে গ্রহণ নিশ্চিত হবে এবং দেশে প্রবেশের পর সম্ভাব্য অপব্যবহার প্রতিরোধ করা সহজ হবে।
মালয়েশিয়ায় কর্মরত এবং দেশটিতে কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনার অধিকাংশ সরকারি সেবা মানবসম্পদ মন্ত্রণালয়ের একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।



