পাসপোর্ট জটিলতায় বিপাকে প্রবাসীরা, দ্রুত পদক্ষেপের দাবি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশিদের ভিসা জটিলতা এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি ও সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
সভায় জানানো হয়, নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময়মতো এমআরপি পাসপোর্ট নবায়ন বা সংগ্রহ করতে না পারায় হাজারো বাংলাদেশি বৈধ আবাসনের মেয়াদ হারানোর ঝুঁকিতে রয়েছেন। এর ফলে অনেকেই প্রতিদিন জরিমানা গুনছেন, পাশাপাশি গ্রেপ্তার বা দেশে ফেরত পাঠানোর আশঙ্কাও তৈরি হয়েছে।
প্রবাসীদের অভিযোগ, পাসপোর্ট সংকটের কারণে অনেকে চাকরি ধরে রাখতে পারছেন না। এছাড়া ব্যাংকিং সেবা, চিকিৎসা গ্রহণ এবং বৈধভাবে দেশে অর্থ পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও নানা জটিলতার মুখে পড়ছেন।
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নেতারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের এই দুর্ভোগ দীর্ঘায়িত হওয়া উচিত নয়। তারা সমস্যার দ্রুত সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসীদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, ভিসা ও পাসপোর্ট-সংক্রান্ত সমস্যার কারণ চিহ্নিত করা হয়েছে এবং সমাধানে দূতাবাস ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে এবং দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



