সৌদি যেতে আর কম ঝামেলা, চালু হলো স্মার্ট প্যাকেজ ভিসা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

সৌদি আরব ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে ‘প্যাকেজ ভিসা পাইলট’ কর্মসূচি চালু করেছে। অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে আবেদন করলে পর্যটকরা একই প্যাকেজে পর্যটন ভিসা, রাউন্ড-ট্রিপ বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা আবেদন সুবিধা পাবেন। প্রয়োজনে বিভিন্ন পর্যটন ইভেন্ট ও কার্যক্রমও যুক্ত করা যাবে।

সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে ভ্রমণকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

এর আগে সৌদি আরব ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছিল। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে ২৯ মিলিয়নের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে মোট ১২৩ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। একই বছরে পর্যটন খাতে ব্যয় হয়েছে ৩০৪ বিলিয়ন সৌদি রিয়াল এবং এই খাতে কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৩০ হাজারে।