মাত্র ১ হাজার টাকা সার্ভিস চার্জে জর্ডানে চাকরির সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানের Tusker Apparel-এ গার্মেন্টস কর্মী ও প্রোডাকশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারীদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার পদে ১৩০ জন এবং পুরুষদের জন্য প্রোডাকশন সুপারভাইজার পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নারী ফ্যাক্টরি ওয়ার্কারদের মাসিক বেতন ১৮০ থেকে ২০০ মার্কিন ডলার এবং প্রোডাকশন সুপারভাইজারদের ৩০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য খাবার, আবাসন ও চিকিৎসা সুবিধা কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বোয়েসেলের সার্ভিস চার্জ ১ হাজার টাকা এবং ভিসা ফি ২২০ টাকা। তবে পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স ও প্রশিক্ষণের ব্যয় প্রার্থীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের ১০ জুলাই সকাল ৯টায় ঢাকার মিরপুরের শাহ আলী এলাকায় অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। আবেদন ও নিবন্ধন করতে হবে বোয়েসেলের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে।
বোয়েসেল জানিয়েছে, কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না। তাই চাকরির নামে কাউকে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। সরকারি ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব ধরনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।



