বাংলাদেশি কর্মীদের জন্য নতুন গন্তব্য মলডোভা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
পূর্ব ইউরোপের দেশ মলডোভা ধীরে ধীরে বিদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার হিসেবে উঠে আসছে। অর্থনীতির সম্প্রসারণ এবং স্থানীয় শ্রমিকের ঘাটতির কারণে দেশটিতে নির্মাণ, কৃষি, শিল্প, পরিবহন ও হসপিটালিটি খাতে বিদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মীদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মলডোভায় ছয় হাজারের বেশি বিদেশি কর্মী আনুষ্ঠানিকভাবে কাজ করেছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। চলতি বছর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নির্মাণ ও কৃষি খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, তুলনামূলক কম খরচে দক্ষ জনবল পাওয়া যায় বলে মলডোভার বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। ইতোমধ্যে কিছু বাংলাদেশি কর্মী দেশটিতে কাজ শুরু করেছেন এবং নতুনদের জন্যও সুযোগ তৈরি হচ্ছে।
বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে মলডোভা সরকার ডিজিটাল আবেদনব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করা যায়। পাশাপাশি রাজধানী কিশিনেভসহ কয়েকটি শহরে ইন্টিগ্রেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বিদেশি কর্মীদের জন্য রোমানিয়ান ভাষা শিক্ষা, সামাজিক অভিযোজন এবং পরামর্শসেবা দেওয়া হচ্ছে।
তবে সুযোগের পাশাপাশি সতর্কতারও প্রয়োজন রয়েছে। দেশটিতে অবৈধ কর্মসংস্থানের ঘটনাও বেড়েছে। তাই বিদেশে চাকরির আগ্রহীদের বৈধ নিয়োগপত্র, ওয়ার্ক পারমিট, কর্মচুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আবেদন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বৈধ প্রক্রিয়া অনুসরণ না করলে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যথাযথ প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করলে মলডোভা ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের গন্তব্য হয়ে উঠতে পারে।



