কুয়েতে বাড়ছে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

কুয়েতে বৈধ রেসিডেন্সি পারমিটধারী প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখ ৬৬ হাজার, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৪২ হাজার বেশি।

কুয়েতের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈধ রেসিডেন্সি পারমিটের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বেসরকারি খাতের কর্মীদের ওয়ার্ক পারমিট। এ ধরনের পারমিটের সংখ্যা ১৬ লাখ ৬০ হাজারেরও বেশি। একই সময়ে পারিবারিক ভিসা এবং গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিটের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হওয়া রেসিডেন্সি পারমিটের সংখ্যা কমে ৪৭ হাজার ২০০–তে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ কম।

তবে নতুন করে আবাসন আইন লঙ্ঘনের ঘটনাও লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে ১১ হাজার ৭০০ জন নতুন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী শনাক্ত হয়েছে। যদিও মোট রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীর সংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৪ সালে যেখানে এ সংখ্যা ছিল ৮১ হাজার ৫০০, সেখানে ২০২৫ সালে তা কমে ৮০ হাজার ৮০০–তে দাঁড়িয়েছে।

সরকারি কর্মকর্তাদের মতে, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং তাদের বৈধতা নিশ্চিত করার কার্যক্রম জোরদার করায় সামগ্রিকভাবে আইন লঙ্ঘনকারীর সংখ্যা কমছে। একই সঙ্গে বৈধভাবে বসবাস ও কর্মসংস্থানে আগ্রহীদের সংখ্যাও বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, কুয়েতে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যা বৃদ্ধি দেশটির শ্রমবাজারে বিদেশি কর্মীদের চাহিদার ইঙ্গিত দেয়। তবে দেশটিতে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের বৈধ ভিসা, রেসিডেন্সি পারমিট এবং শ্রম আইনের সব শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।