চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
বিদেশে কর্মরত বাংলাদেশিদের সেবা সহজ করতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর, দূতাবাস এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীরা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, নতুন এই কার্ড ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে বিমানবন্দরে দ্রুত সেবা গ্রহণ, দূতাবাসে অগ্রাধিকারভিত্তিক সেবা এবং বিভিন্ন সরকারি ফি ও অন্যান্য পেমেন্ট অনলাইনে পরিশোধ করা যাবে।
তিনি জানান, কার্ডধারীরা চাইলে পরিবারের একজন সদস্যকে সম্পূরক কার্ড ব্যবহারকারী হিসেবে যুক্ত করতে পারবেন। একই সঙ্গে মাসে কত টাকা উত্তোলন করা যাবে, সেই সীমাও আগে থেকেই নির্ধারণ করা সম্ভব হবে। এতে আর্থিক লেনদেন আরও নিরাপদ হবে এবং হুন্ডির ব্যবহার কমাতে সহায়তা করবে বলে সরকারের আশা।
প্রবাসীদের মতে, এই কার্ডের মাধ্যমে বিদেশে এবং বাংলাদেশে একই অ্যাকাউন্ট ব্যবহার করে সহজে অর্থ লেনদেন করা যাবে। নিজের নামে থাকা ব্যাংক হিসাবেই অর্থ জমা থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সুদও পাওয়া যাবে। পরিবারের মনোনীত সদস্য নির্ধারিত সীমার মধ্যে সেই হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন, ফলে সম্পদ ব্যবস্থাপনাও সহজ হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কার্ড চালু করাই যথেষ্ট নয়; এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্যভান্ডার ও আর্থিক ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুরো কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপদ ডিজিটাল ডাটাবেজ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব বা অসাধু চক্র যাতে এই ব্যবস্থার অপব্যবহার করতে না পারে, সে বিষয়েও কার্যকর নজরদারি প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল প্রবাসী কার্ডের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে-বিদেশে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা ভোগান্তি কমবে। পাশাপাশি বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো আরও উৎসাহিত হবে এবং দেশের আর্থিক ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।



