বাংলাদেশে ই-পাসপোর্ট আবেদন কীভাবে করবেন?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি কিংবা চিকিৎসার জন্য পাসপোর্ট একটি অপরিহার্য নথি। অনেকেই মনে করেন পাসপোর্টের আবেদন প্রক্রিয়া জটিল। তবে বর্তমানে বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদন ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে। এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব।
যেভাবে আবেদন করবেন
ই-পাসপোর্টের জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, জন্মতারিখ, ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। ফরম পূরণের পর আবেদন সারসংক্ষেপ (Application Summary) ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
এরপর নির্ধারিত ফি অনলাইনে, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্র
১৮ বছরের নিচে: জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।
১৮–২০ বছর: জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ গ্রহণযোগ্য।
২০ বছরের বেশি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক।
বিদেশে বাংলাদেশ মিশন থেকে আবেদন: জন্মনিবন্ধন সনদও গ্রহণযোগ্য।
বায়োমেট্রিক ও পুলিশ ভেরিফিকেশন
ফি পরিশোধের পর নির্ধারিত তারিখে নিকটস্থ পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষর দিতে হবে। বিদেশে অবস্থানকারীরা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এরপর পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারীর পরিচয় ও ঠিকানা যাচাই করা হবে। সব তথ্য সঠিক থাকলে আবেদন অনুমোদন করা হবে।
পাসপোর্ট পেতে কত সময় লাগে?
অতি জরুরি (Super Express): ২ কর্মদিবস
জরুরি (Express): ৭ কর্মদিবস
নিয়মিত (Regular): ১৫ কর্মদিবস
অতি জরুরি পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।
বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র
দত্তক বা অভিভাবকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ।
বিবাহিতদের জন্য বিবাহ সনদ বা নিকাহনামা।
তালাকপ্রাপ্তদের জন্য তালাকনামা।
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জিও (GO), এনওসি (NOC) বা অবসরোত্তর ছুটির আদেশ।
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। নতুন পাসপোর্টের আবেদন করার সময় পুরোনো পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জিডির কপি জমা দিতে হবে।
এ ছাড়া ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আবেদন করার সময় ছবি জমা দেওয়া বাধ্যতামূলক।
সরকারের নতুন নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া এখন আগের তুলনায় অনেক সহজ ও কার্যকর হয়েছে। অনলাইনে আবেদন, ডিজিটাল ফি পরিশোধ, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট ইস্যুর মাধ্যমে বিদেশগামীদের জন্য সেবাটি আরও আধুনিক ও সুবিধাজনক হয়েছে।



