বিদেশে এনআইডি সেবা সম্প্রসারণ, যুক্ত হচ্ছে বাহরাইনসহ ৫ দেশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সম্প্রসারণ করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাস থেকেই বাহরাইন, সিঙ্গাপুর, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম সুইডেনের বাংলাদেশ মিশনের মাধ্যমে পরিচালিত হবে। কারণ, ওই দুই দেশের কনস্যুলার সেবাও বর্তমানে সুইডেন থেকেই দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের অগ্রগতি তদারকির জন্য নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন। এর মধ্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন। অন্যদিকে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। এসব সফরের ব্যয় বহন করা হবে নির্বাচন কমিশনের স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি দেশ যুক্ত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশে এনআইডি সেবা চালুর পর থেকে এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে।

প্রবাসীরা সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনের মাধ্যমে এনআইডির জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই শেষে বাংলাদেশে পরিচয়পত্র মুদ্রণ করা হয় এবং পরে তা সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে হস্তান্তর করা হয়।