বাহরাইনের নতুন ডিজিটাল সেবা, চাকরি হারালে দ্রুত আপিলের সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

বাহরাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)। নতুন এ ব্যবস্থার মাধ্যমে কোনো বিদেশি কর্মীর বিরুদ্ধে চাকরি বাতিলের (Cancellation) নোটিশ জারি হলে তিনি আগের তুলনায় আরও দ্রুত ও সহজে অনলাইনে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সেবাকে আরও আধুনিক, সহজ ও ডিজিটাল করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, চাকরি বাতিলের নোটিশ জমা দেওয়ার ১১ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মী অনলাইনে আপিল দাখিল করতে পারবেন।

নতুন ডিজিটাল ব্যবস্থায় প্রশাসনিক অনুমোদনের ধাপ ২৫ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে সব সরকারি সেবার তথ্য একীভূত করায় পুরো প্রক্রিয়া এখন আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

এখন একটি আপিলের নিষ্পত্তি মাত্র তিন কার্যদিবসের মধ্যেই করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিদেশি কর্মীদের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ অপেক্ষারও প্রয়োজন হবে না।

বাহরাইন সরকার আশা করছে, এই ডিজিটাল উদ্যোগ শুধু প্রশাসনিক দক্ষতাই বাড়াবে না, বরং প্রবাসী কর্মীদের জন্য আরও উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করবে। পাশাপাশি দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনাও আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ হয়ে উঠবে।