জার্মানিতে নার্স হতে যা যা লাগবে, জানুন আবেদন প্রক্রিয়া
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬
বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘায়িত আয়ুষ্কালের কারণে জার্মানিতে স্বাস্থ্যসেবা খাতে নার্সিং পেশায় বিদেশি কর্মীদের চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১৮ লাখ মানুষ নার্সিং খাতে কর্মরত। এর মধ্যে প্রায় ২০ শতাংশই বিদেশি নাগরিক। তবুও প্রায় ৩১ হাজার নার্সিং পদ এখনো শূন্য রয়েছে।
জার্মানিতে নিবন্ধিত নার্সদের “Pflegefachfrau/Pflegefachmann” বা “Pflegefachperson” নামে পরিচিত করা হয়। তারা হাসপাতাল, বৃদ্ধাশ্রম, পুনর্বাসন কেন্দ্র, হোম কেয়ার ও প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। রোগীর পরিচর্যা, চিকিৎসকের নির্দেশনা বাস্তবায়ন, স্বাস্থ্য পর্যবেক্ষণ, ওষুধ ব্যবস্থাপনায় সহায়তা এবং রোগীর পরিবারের সঙ্গে সমন্বয় করা তাদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে।
তবে জার্মানিতে নার্সিং একটি নিয়ন্ত্রিত (Regulated) পেশা। ফলে বিদেশি নার্সদের কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পেশাগত যোগ্যতার স্বীকৃতি (Recognition) নিতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ জার্মান মানদণ্ডের সঙ্গে মিলিয়ে দেখা হয়। প্রয়োজন হলে অভিযোজন প্রশিক্ষণ (Adaptation Programme) অথবা জ্ঞান মূল্যায়ন পরীক্ষা (Knowledge Test) দিতে হতে পারে।
আবেদনকারীদের জার্মান ভাষায় অন্তত B2 স্তরের দক্ষতা, শারীরিক ও মানসিক সুস্থতার সনদ এবং অপরাধমুক্ত সনদ (Police Clearance Certificate) জমা দিতে হয়।
বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের জন্য জার্মানির ওয়ার্ক ভিসা বাধ্যতামূলক। তবে যারা এখনো পূর্ণ স্বীকৃতি পাননি, তারা অনেক ক্ষেত্রে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করতে পারেন। এছাড়া Opportunity Card–এর মাধ্যমে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় যোগ্যতা, ভাষা দক্ষতা এবং স্বীকৃতি প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে বাংলাদেশি নার্সদের জন্য জার্মানির স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি ও আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।



