কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন থেকে প্রবাসীদের উচ্ছেদের ঘটনায় বাংলাদেশ দূতাবাস জরুরি নির্দেশনা জারি করেছে। প্রবাসীদের আবাসনসংক্রান্ত বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং বাইরে চলাচলের সময় সিভিল আইডি বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। পরে হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে প্রবাসীদের খোঁজখবর নিয়েছে। প্রতিনিধি দলে ছিলেন কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করার অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হতে পারে। বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধভাবে অবস্থানকারীদের নির্বাসন কেন্দ্রে পাঠিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিরা সাময়িকভাবে সেখানে থাকতে পারলেও অনুমতি ছাড়া কাজ বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারবেন না।

বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত সব প্রবাসীকে আবাসনের বৈধতা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং বাইরে বের হওয়ার সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে। এতে চলমান অভিযানের সময় অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো সম্ভব হবে।