বাহরাইনে বাসিন্দাদের ভ্রমণ সতর্কতা দিল কর্তৃপক্ষ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

বিদেশ ভ্রমণের আগে নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের বাড়ি, পাসপোর্ট এবং মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণের আগে গন্তব্য দেশের ভ্রমণ ও নিরাপত্তাবিষয়ক নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে এবং সফরের পুরো সময় সতর্ক থাকতে হবে।

যাত্রার আগে বাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, নিয়মিত দেখাশোনার জন্য বিশ্বস্ত কাউকে দায়িত্ব দেওয়া এবং বাড়ি খালি থাকার বিষয়টি বোঝা যায়—এমন কোনো চিহ্ন না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ফ্লাইট, হোটেল বুকিং, স্থানীয় যাতায়াতের ব্যবস্থা এবং স্বাস্থ্যবীমা আগেই নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ এবং প্রয়োজনীয় ভিসা বৈধ রয়েছে কি না, সেটিও যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানযাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে এবং বোর্ডিং পাসের তথ্য, গেট নম্বর ও লাগেজের ওজনসীমা আগে থেকেই যাচাই করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, অন্য কারও দেওয়া কোনো ব্যাগ বা পার্সেল ভেতরের জিনিস না জেনে বহন করা উচিত নয়। একই সঙ্গে বিমানবন্দরে নিজের লাগেজ কখনোই নজরদারিহীন অবস্থায় ফেলে রাখা যাবে না।

বিদেশে অবস্থানের সময় পাসপোর্ট, গুরুত্বপূর্ণ নথি এবং মূল্যবান জিনিসপত্র হোটেলের নিরাপদ সেইফে সংরক্ষণ করার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এসব নিরাপত্তা নির্দেশনা মেনে চললে ভ্রমণ আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে এবং অপ্রত্যাশিত ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব হবে।