দালালের প্রতারণায় নিঃস্ব, জেল শেষে দেশে ফিরলেন ৭৬ প্রবাসী

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

সৌদি আরবে নানা প্রতারণা, আকামা নবায়ন না হওয়া এবং বৈধ নথিপত্রের জটিলতায় কারাভোগ শেষে ৭৬ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন। সোমবার (২০ জুলাই) সকালে তারা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর সূত্র জানায়, ওমানের সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে দেশে ফেরেন তারা। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম তাদের তাৎক্ষণিক সহায়তা দেয়। ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রত্যেককে খাবার ও নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত ভাতা দেওয়া হয়।

ফেরত আসা প্রবাসীরা জানান, তারা বৈধভাবে বিএমইটির ছাড়পত্র নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু অনেকের নিয়োগকর্তা সময়মতো আকামা নবায়ন করেননি। আবার কেউ কেউ দালাল ও এজেন্সির প্রতারণার শিকার হয়ে বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করতে বাধ্য হন। পরে নথিপত্রের জটিলতার কারণে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করতে হয়।

প্রবাসীদের অভিযোগ, অনেকেই মাসের পর মাস কাজ করেও বেতন পাননি। পাওনা চাইতে গেলে চাকরি হারাতে হয়েছে, এমনকি মিথ্যা অভিযোগে কারাগারেও যেতে হয়েছে। দেশে ফেরার সময় তাদের অধিকাংশের কাছেই কোনো অর্থ ছিল না।

দেশে ফেরা প্রবাসীরা সরকারকে দালাল ও অসাধু রিক্রুটিং চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার আগে নিয়োগকর্তা, ভিসা ও চুক্তিপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফিরে আসা ৪৫ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত অভিবাসীকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৫ হাজারের বেশি প্রবাসীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।