প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা সরাসরি বায়োমেট্রিক তথ্য আপলোড করতে পারবেন। তদন্তে তথ্যের সত্যতা নিশ্চিত হলে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে। ফলে আগের তুলনায় একটি ধাপ কমে গিয়ে পুরো নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগে প্রবাসীদের ভোটার নিবন্ধন ছিল দুই ধাপে। এখন আবেদনকারীরা সরাসরি বায়োমেট্রিক তথ্য আপলোড করবেন এবং তদন্ত শেষে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেবে।

এদিকে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও সম্পূর্ণ অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি পরিশোধ করতে হবে। ফলে নাগরিকদের আর এ কাজের জন্য নির্বাচন অফিসে সরাসরি যেতে হবে না।

এনআইডি সেবাতেও আসছে আরও কিছু পরিবর্তন। ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের সময় পরিবারের সদস্যদের তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে তথ্যের সামঞ্জস্য ও নির্ভুলতা নিশ্চিত করা সহজ হবে।

এছাড়া জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দেওয়ার পরিকল্পনাও রয়েছে। যাদের জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে জন্মতারিখ উল্লেখ আছে, তারা সেই তথ্যের ভিত্তিতেই স্থানীয় পর্যায় থেকে সংশোধনের সুযোগ পেতে পারেন।

বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য এনআইডির জন্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। তবে এই তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিক, অষ্টম শ্রেণি বা এসএসসি পর্যায় থেকেই তথ্য সংগ্রহ শুরু করা সম্ভব কি না, তা নিয়ে তুলনামূলক বিশ্লেষণ চলছে।

নতুন উদ্যোগগুলো বাস্তবায়ন হলে দেশে ও বিদেশে থাকা নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন এবং বিভিন্ন নির্বাচন কমিশন সেবা আরও সহজ, দ্রুত ও ডিজিটাল হবে বলে আশা করা হচ্ছে।