আমিরাতে এই ৬ ভুল করলে ক্ষতিপূরণ পাবেন না প্রবাসী শ্রমিকরা
ডেল্টা ভিসা
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মস্থলে দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা সাধারণত চিকিৎসা ব্যয় ও নির্ধারিত ক্ষতিপূরণের অধিকার পান। তবে দেশটির শ্রম আইন অনুযায়ী কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই ক্ষতিপূরণের অধিকার বাতিল হতে পারে।
আমিরাতের শ্রম আইন অনুযায়ী, কর্মস্থলে কাজ করার সময়, কাজের দায়িত্ব পালনের পথে বা সেখান থেকে সরাসরি ফেরার সময় ঘটে যাওয়া দুর্ঘটনা, এমনকি কাজের কারণে সৃষ্ট পেশাগত রোগ (Occupational Disease)-ও কর্মস্থল দুর্ঘটনা (Work Injury) হিসেবে বিবেচিত হতে পারে।
এ ধরনের ঘটনায় আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন, স্থায়ী অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা নিয়োগকর্তার দায়িত্ব। এসব বিষয় তদারকি করে মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয় (MOHRE)।
তবে সব দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া যায় না। নিচের ৬টি কারণে প্রবাসী শ্রমিক ক্ষতিপূরণের অধিকার হারাতে পারেন—
যেসব কারণে ক্ষতিপূরণ পাবেন না
১. ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করলে
তদন্তে প্রমাণিত হলে যে কর্মী ইচ্ছাকৃতভাবে নিজেকে আহত করেছেন।
২. মদ বা মাদকের প্রভাবে থাকলে
দুর্ঘটনার সময় কর্মী অ্যালকোহল বা মাদকের প্রভাবে থাকলে।
৩. নিরাপত্তা নির্দেশনা ইচ্ছাকৃতভাবে অমান্য করলে
জেনেশুনে নিরাপত্তাবিধি লঙ্ঘনের কারণে দুর্ঘটনা ঘটলে।
৪. গুরুতর অবহেলা বা অসদাচরণ করলে
নিজের গুরুতর অবহেলা বা অসদাচরণের কারণে দুর্ঘটনা ঘটলে।
৫. চিকিৎসা পরীক্ষা করাতে অস্বীকৃতি জানালে
যৌক্তিক কারণ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষায় অংশ না নিলে।
৬. চিকিৎসকের নির্দেশনা না মানলে
যথাযথ কারণ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ না করলে।
প্রবাসীদের জন্য পরামর্শ
আমিরাতে কর্মরত বাংলাদেশিদের কর্মস্থলের নিরাপত্তা বিধি মেনে চলা, মাদক বা অ্যালকোহল থেকে দূরে থাকা এবং দুর্ঘটনার পর চিকিৎসকের সব নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় গুরুতর আহত হলেও আইনে নির্ধারিত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারাতে পারেন।



