৮ বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমিক ভিসা, সংকটে বাংলাদেশিরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

দীর্ঘদিন ধরে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকায় দেশটিতে বসবাসরত প্রবাসীরা সংকটে পড়েছেন। ভিসা চালু করতে সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

প্রবাসীদের দাবি, ২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের নতুন শ্রমিক ভিসা কার্যত বন্ধ রয়েছে। এর ফলে কর্মী সংকট, ব্যবসায়িক ক্ষতি, পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা এবং চাকরি হারানোর মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।

মানামাভিত্তিক কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী জানান, নতুন কর্মী নিয়োগ করতে না পারায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে পরিবারকে সময় দিতে দেশে গেলে অনেক ক্ষেত্রে ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে।

এদিকে, ছুটিতে দেশে আসা কিছু প্রবাসীও ভিসা বাতিলের অনিশ্চয়তার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, দেশে অবস্থানকালে নিয়োগকর্তা ভিসা বাতিল করে দিলে নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকায় আবার বাহরাইনে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

প্রবাসীদের আশঙ্কা, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কর্মীরা বাহরাইনের শ্রমবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। এতে বাংলাদেশের শ্রমবাজারের অংশীদারিত্ব কমে যেতে পারে।

তাদের মতে, বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শ্রমবাজারের স্বার্থ বিবেচনায় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা জরুরি। এ বিষয়ে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।