ভিসা অটো বাতিলে বিপাকে প্রবাসীরা, সমাধানে দূতাবাসের তৎপরতা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভিসা অটো বাতিল হয়ে বিপাকে পড়া বাংলাদেশি প্রবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইতোমধ্যে প্রায় ৩০০ জন প্রবাসীর আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও প্রায় ১ হাজার ৪০০টি আবেদন যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ সুযোগে প্রতারণার ঝুঁকি থাকায় ভিসা অটো বাতিল হওয়া প্রবাসীদের কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সমস্যা সমাধানের নামে অর্থ দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফাঁদে না পড়ে সরকারি প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে। দালালের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করলে ভুক্তভোগীরা আরও বড় ধরনের জটিলতায় পড়তে পারেন।
সম্প্রতি আমিরাতে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী হঠাৎ করেই ভিসা অটো বাতিলের সমস্যার মুখে পড়েন। এতে অনেকের চাকরি ও বৈধভাবে বসবাসের সুযোগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
দূতাবাসের আশা, চলমান যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান হলে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আবারও বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
এদিকে প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে দূতাবাস জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।



