আমিরাতে ভিসা বাতিল: প্রকৃত সংখ্যা ৬২৬, পুনঃইস্যুর অনুরোধ ৪১৭ জনের জন্য
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের স্বয়ংক্রিয়ভাবে (অটো) বাতিল হওয়া ভিসার সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভিসা বাতিল হওয়া বাংলাদেশির প্রকৃত সংখ্যা ৬২৬ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভিসা বাতিল হওয়া ৪১৭ জন বাংলাদেশির ভিসা পুনরায় ইস্যুর জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্বাগতিক দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের দায়িত্বশীল আচরণ দুই দেশের সম্পর্ক এবং শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কয়েক হাজার রোহিঙ্গা পাঠানোর বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি।
এ সময় উপস্থিত প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে দেশে বসবাস করছেন, সে দেশ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নেতিবাচক বা বিতর্কিত মন্তব্য বা পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।
সরকার আশা করছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভিসা-সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান হবে এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা পুনরায় বৈধভাবে আমিরাতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।