ছয় মাসে বিদেশে গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬৬৭ বাংলাদেশি কর্মী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
চলতি বছরের প্রথম ছয় মাসে বৈধ পথে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬৬৭ জন বাংলাদেশি। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে।
পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সৌদি আরবে গেছেন ২ লাখ ১৪ হাজার ৫৭০ জন বাংলাদেশি কর্মী। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে গেছেন ৩৬ হাজার ৩০৭ জন এবং তৃতীয় অবস্থানে থাকা কাতারে গেছেন ২৯ হাজার ৮৮ জন।
এ ছাড়া মালদ্বীপে গেছেন ১৩ হাজার ৯১৫ জন, কুয়েতে ১০ হাজার ৭৮৯ জন এবং সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৯ হাজার ৩৪০ জন।
মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপেও বাংলাদেশি কর্মীদের উপস্থিতি বাড়ছে। ইতালিতে গেছেন ৪ হাজার ৭৫৫ জন, পর্তুগালে ৩ হাজার ৪৪৪ জন এবং গ্রিসে ৫১৩ জন। পাশাপাশি রোমানিয়া, সার্বিয়া, সাইপ্রাস, মলদোভা ও রাশিয়াসহ কয়েকটি দেশেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।
এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে গেছেন ১ হাজার ১৬৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৪২ জন, মালয়েশিয়ায় ৭৮৯ জন এবং ভিয়েতনামে ৭৩৪ জন। সাম্প্রতিক সময়ে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়ায়ও ৩ হাজার ৬৬০ জন বাংলাদেশি কর্মী গেছেন।
আফ্রিকার বিভিন্ন দেশেও কর্মী পাঠানো অব্যাহত রয়েছে। কঙ্গোতে গেছেন ১ হাজার ৬১৯ জন, মৌরিতাসে ১ হাজার ৫৪০ জন এবং সুদানে ১৬৯ জন। এ ছাড়া মোজাম্বিক, আইভরি কোস্ট ও লিবিয়াতেও বাংলাদেশি কর্মীরা কাজের উদ্দেশ্যে গেছেন।
বিএমইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের ১০০টিরও বেশি দেশে বাংলাদেশি কর্মীরা বৈধভাবে কর্মসংস্থানের জন্য গেছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে বিদেশে কর্মী পাঠানোর হার বাড়লে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জনও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নতুন শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।



