জরিমানা পরিশোধ করে
দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধভাবে থাকা বাংলাদেশিরা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬
ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরিমানা পরিশোধ করে বৈধ প্রক্রিয়ায় দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিজ উদ্যোগে নিকটস্থ পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এরপর ভিয়েতনামের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি নোটিশ দেবে।
ওই নোটিশ অনুযায়ী নির্ধারিত ব্যাংক হিসাবে জরিমানার অর্থ জমা দেওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এক্সিট পাস সংগ্রহ করতে হবে। এরপর নিজ পাসপোর্ট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে ফেরা যাবে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এ প্রক্রিয়ায় কোনো দালাল, মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত নয়। বাংলাদেশ বা ভিয়েতনামের কোনো ব্যক্তি দূতাবাসের নাম ব্যবহার করে অর্থ দাবি করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র দূতাবাসের নাম ভাঙিয়ে দেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, যাঁদের পাসপোর্ট নেই, তাঁদের জন্য প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করা দূতাবাসের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি ফি ১০ মার্কিন ডলার হলেও আবেদনকারীর আর্থিক অবস্থা বিবেচনায় অনেক সময় তা মওকুফ করা হয়। তবে ভিয়েতনাম সরকারের নির্ধারিত জরিমানার অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে।
কোনো ধরনের প্রতারণার শিকার হলে বা এ-সংক্রান্ত তথ্য থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ বাংলাদেশ দূতাবাসের ই-মেইলে অভিযোগ পাঠানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।



