ঢাকায় ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ৩৮৪ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

রাজধানী ঢাকায় গত ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। একই সময়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে ৫৯২ জন পথচারী, ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী এবং ২৫৬ জন বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী।

সময়ের হিসেবে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে রাতে। মোট নিহতের ৩৭ দশমিক ৫ শতাংশ বা ৫১৯ জন রাতে দুর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়া সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন, বিকেলে ১৭৪ জন, ভোরে ১৪২ জন এবং সন্ধ্যায় ৯৬ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাকের হার সবচেয়ে বেশি, যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ২৫ শতাংশ। এরপর রয়েছে মোটরসাইকেল (২৬ শতাংশ), বাস (২১ দশমিক ৭৫ শতাংশ), অটোরিকশা, সিএনজি ও লেগুনা (১২ দশমিক ৭৩ শতাংশ) এবং মাইক্রোবাস, প্রাইভেট কার ও জিপ (৬ দশমিক ২৫ শতাংশ)।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, রাতে রাজধানীতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, যানজটের কারণে চালকদের অসহিষ্ণু আচরণ, সড়কের তুলনায় অতিরিক্ত যানবাহন, একই সড়কে ধীর ও দ্রুতগতির যান চলাচল, ফুটপাত দখল, পর্যাপ্ত ও কার্যকর ফুটওভার ব্রিজের অভাব এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা দুর্ঘটনার অন্যতম কারণ।

সংস্থাটি জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক বর্তমানে দুর্ঘটনার হটস্পট হিসেবে চিহ্নিত।

সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফাউন্ডেশন রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাসসেবা চালু, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।