সাধারণ কর্মভিসা চালুর অপেক্ষায় বাংলাদেশিরা

ওমানের শ্রমবাজার পুরোপুরি খুলবে কবে?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ (Semi-skilled) কর্মীদের কর্মভিসা পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশীরা। প্রায় তিন বছর ধরে নতুন কর্মভিসার ওপর বিধিনিষেধ থাকায় দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা কমেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।

২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মভিসা ইস্যুতে সীমাবদ্ধতা আরোপ করে। পরে বাংলাদেশ ও ওমানের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার পর ২০২৪ সালের জুনে চিকিৎসক, নার্স, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীসহ ১৩টি নির্দিষ্ট পেশাগত ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালু করা হয়। তবে নির্মাণ, কৃষি, পরিবহন, সেবা ও অন্যান্য সাধারণ শ্রমিকদের জন্য কর্মভিসা এখনো বন্ধ রয়েছে।

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, নতুন কর্মী নিয়োগে সীমাবদ্ধতার কারণে রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহনসহ বিভিন্ন খাতে জনবল সংকট দেখা দিয়েছে। দক্ষ কর্মীর অভাবে অনেক প্রতিষ্ঠান পরিকল্পনা অনুযায়ী ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না।

আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, কর্মী সংকটের কারণে তাদের পরিকল্পিত নতুন শাখাগুলো চালু করা সম্ভব হচ্ছে না। তাঁর আশা, বাংলাদেশিদের জন্য সাধারণ কর্মভিসা পুনরায় চালু হলে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও সেবার মান আরও উন্নত করা যাবে।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন কৃষি উদ্যোক্তা নাজিম উদ্দিন। তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক কর্মী কাজ করছেন। কৃষি খাতে নতুন কর্মী নিয়োগের সুযোগ তৈরি হলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণও সহজ হবে।

কিং জালান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মান্নান বলেন, ভিসা-সংক্রান্ত জটিলতা দূর হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে ওমানে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগও বাড়বে।

ওমানে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত জুনে এক অনুষ্ঠানে ভিসা পরিস্থিতির ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেন। তিনি জানান, এ বিষয়ে ওমান সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে এবং কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশিদের জন্য ১৩টি পেশাগত ক্যাটাগরিতে কর্মভিসা চালু রয়েছে। এখন সরকারের লক্ষ্য হলো বন্ধ থাকা সাধারণ ও অর্ধদক্ষ কর্মীদের জন্যও শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, ঢাকা ও মাসকাটের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অচিরেই সাধারণ কর্মীদের জন্যও ওমানের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, তা বাস্তবায়িত হলে একদিকে ওমানের বিভিন্ন খাতে জনবল সংকট কমবে, অন্যদিকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানো ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ওমান সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।