প্রবাসীদের জন্য বড় স্বস্তি, পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত এ-সংক্রান্ত একটি রুলও জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন এসব আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট ইস্যু ও নবায়নের আবেদন ঝুলে থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে এই রিট আবেদন করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন এবং নানা প্রশাসনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এইচআরপিবির পক্ষে আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। রিটে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের পাসপোর্ট আবেদন নিষ্পত্তি হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের ভোগান্তি কমবে, কর্মসংস্থান সুরক্ষিত হবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হবে। প্রবাসীদের অধিকার সুরক্ষায় হাইকোর্টের এই নির্দেশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



