ঢাকায় আবারও রোমানিয়ার কনস্যুলার ভিসা সেবা চালুর দাবি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে রোমানিয়ার স্থায়ী দূতাবাস বা নিয়মিত ভিসা প্রদানকারী কনস্যুলার অফিস না থাকায় ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের ভারত গিয়ে ভিসার স্টিকার নিতে হচ্ছে। এতে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতারণার ঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা।
তাদের দাবি, ঢাকায় আবারও অস্থায়ী কনস্যুলার ভিসা সেবা চালু করা হলে রোমানিয়াগামী কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে ভ্রমণ ব্যয় কমবে এবং জাল ভিসাসহ বিভিন্ন ধরনের প্রতারণার ঝুঁকিও হ্রাস পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে সীমিত সময়ের জন্য ঢাকার কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ভবনে রোমানিয়ার একটি অস্থায়ী কনস্যুলার ভিসা অফিস চালু করা হয়েছিল। ওই সময় বাংলাদেশ থেকেই নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীর ভিসা প্রক্রিয়াকরণ ও স্টিকার সংযুক্তির কাজ সম্পন্ন হয়। তবে নির্ধারিত সময় শেষে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসার স্টিকার সংগ্রহের জন্য আবেদনকারীদের ভারতে যেতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ভারতীয় ভিসা সংগ্রহ, যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ বহনের পাশাপাশি অনেকেই জাল ভিসা বা প্রতারণার শিকার হচ্ছেন।
একাধিক রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি বলেন, ঢাকায় অস্থায়ী কনস্যুলার ভিসা সেবা চালু থাকাকালে ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ ছিল। তারা বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিয়ে রোমানিয়া সরকারের সঙ্গে আলোচনা করে পুনরায় ঢাকায় এ সেবা চালুর ব্যবস্থা করার আহ্বান জানান।
তবে অস্থায়ী কনস্যুলার অফিসটি কেন বন্ধ হয়ে যায়, তা নিয়ে ভিন্নমত রয়েছে। সংশ্লিষ্ট মহলে অভিযোগ রয়েছে, সে সময় কিছু রিক্রুটিং এজেন্সিকে ঘিরে একটি সিন্ডিকেট গড়ে ওঠে এবং অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিসাপ্রত্যাশীদের আশা, ঢাকায় আবার কনস্যুলার ভিসা সেবা চালু হলে রোমানিয়ায় কর্মসংস্থানের সুযোগ গ্রহণে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি অনেকটাই কমবে।



