সৌদিতে গৃহকর্মীদের আকামা নবায়নে তিন মাসের সুবিধা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
সৌদি আরবে গৃহকর্মীদের আকামা (রেসিডেন্সি পারমিট) নবায়নে নতুন সুবিধা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে তিন মাস মেয়াদে আকামা নবায়ন করতে পারবেন। এতে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের পরিবর্তে ধাপে ধাপে নবায়নের সুযোগ তৈরি হলো।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা তিন, ছয়, নয়, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদে আকামা নবায়ন করতে পারবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইন প্ল্যাটফর্ম ‘আবশির’-এর মাধ্যমে।
এর আগে গৃহকর্মীদের আকামা সাধারণত এক বা দুই বছরের জন্য নবায়ন করা হতো। ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে বড় অঙ্কের ফি পরিশোধ করতে হতো। নতুন নিয়মে তিন মাস বা তিন মাসের গুণিতকে আকামা নবায়নের সুযোগ থাকায় ফি কিস্তিতে পরিশোধ করা সম্ভব হবে। এতে পরিবারগুলো তাদের আর্থিক পরিকল্পনা অনুযায়ী ব্যয় পরিচালনা করতে পারবে।
সৌদি সরকার জানিয়েছে, নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমানো এবং গৃহকর্মীদের প্রয়োজন অনুযায়ী আরও নমনীয় সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেক পরিবার স্বল্প সময়ের জন্য গৃহকর্মী নিয়োগ করে থাকে। নতুন ব্যবস্থায় তারা প্রয়োজন অনুযায়ী আকামা নবায়ন করতে পারবে।
সরকার বলছে, এটি সৌদি আরবের রেসিডেন্সি সেবা আধুনিকায়নের অংশ। এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ করা, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং শ্রমবাজারে নমনীয়তা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন ব্যবস্থা শুধু নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমাবে না, গৃহকর্মীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। স্বল্প মেয়াদে আকামা নবায়নের সুযোগ থাকায় কর্মীদের কাজের মেয়াদ ও চুক্তি আরও স্পষ্ট হবে এবং নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে সম্পর্ক আরও স্বচ্ছ হবে।
সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক গৃহকর্মী কর্মরত রয়েছেন। নতুন আকামা নবায়ন ব্যবস্থা তাদের জন্যও সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



