ওমানে কৃষি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) কৃষি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের অনুমোদন পেয়েছে।

ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানিয়েছে, দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের পর কৃষকরা বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

তবে প্রাথমিকভাবে ওএএর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্য কৃষকরাই এই সুযোগ পাবেন। আবেদনকারীদের জমির মালিকানা বা ইজারা সনদ, জাতীয় পরিচয়পত্র, বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের ফসল ও জমির তথ্যসংবলিত ‘কৃষি আবাদ ফরম’ জমা দিতে হবে।

আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় সংগঠনটির কার্যালয়ে আবেদন গ্রহণ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে।

ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য মোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদিত কোটা রয়েছে। এই শ্রমিকদের বিভিন্ন গভর্নরেট ও কৃষি সমিতির মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

বাংলাদেশি কর্মীদের জন্য এই উদ্যোগকে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এতদিন মধ্যপ্রাচ্যের নির্মাণ, সেবা ও শিল্প খাতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বেশি থাকলেও কৃষি খাতে ওমানের এই উদ্যোগ নতুন একটি কর্মক্ষেত্র তৈরি করতে পারে। এতে বাংলাদেশ থেকে বৈধভাবে কৃষি শ্রমিক যাওয়ার সুযোগ বাড়ার পাশাপাশি প্রবাসী আয়ও বাড়তে পারে।