কুয়েতে অনেক প্রবাসীর রেসিডেন্সি আবেদন বাতিল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

কুয়েতে থাকা অনেক প্রবাসীর রেসিডেন্সি ভিসার আবেদন বাতিল হয়েছে। নতুন নিয়মের কারণে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় পরিবর্তনের আবেদন করে অনেকেই প্রত্যাখ্যাত হয়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী, শুধু ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করলেই রেসিডেন্সি ভিসা পাওয়ার সুযোগ নেই। আবেদনকারীর ভিসার ধরন, পারিবারিক সম্পর্ক, চাকরি বা পেশা এবং নির্দিষ্ট যোগ্যতা—সবকিছু যাচাই করা হচ্ছে।

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় যেতে পারবেন। এর মধ্যে নির্দিষ্ট সরকারি ভিজিট ভিসাধারী, কিছু গৃহকর্মী, কুয়েতে থাকা নিকট আত্মীয়ের সাথে যোগ দিতে আসা ফ্যামিলি ভিজিট ভিসাধারী এবং কিছু ওয়ার্ক ভিসাধারী ও বিশেষ মানবিক পরিস্থিতির ব্যক্তিরা রয়েছেন।

তবে প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তাই ভিজিট ভিসায় থাকা প্রবাসীদের দালালের কথায় নির্ভর না করে নিজেদের ভিসার ধরন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে কি না, তা আগে যাচাই করা জরুরি।

কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।