প্রবাসী কার্ড বনাম বিএমইটি ছাড়পত্র, কোথায় কী সুবিধা?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

বিদেশে বৈধভাবে চাকরি নিয়ে যেতে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি অনুমোদন হলো জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড। এটি বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে প্রবাসীদের বৈধ পরিচয় নিশ্চিত করা এবং রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। দুটি উদ্যোগই প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ হলেও উদ্দেশ্য ও সুবিধার ক্ষেত্রে রয়েছে পার্থক্য।

বিএমইটি ছাড়পত্রে যেসব সুবিধা

বিএমইটি বহির্গমন ছাড়পত্র মূলত কর্মীদের বৈধ অভিবাসন নিশ্চিত করে। এর মাধ্যমে বিমানবন্দরে নির্বিঘ্ন অভিবাসন প্রক্রিয়া, সরকারি বীমা ও আইনি সুরক্ষা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

এ ছাড়া প্রবাসে কোনো কর্মী মারা গেলে সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে ফেরত আনার সুযোগ রয়েছে। বিদেশে বিপদে পড়লে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগও থাকে।

প্রবাসী কর্মীর পরিবারের সদস্যরাও সরকারি বিভিন্ন অনুদান ও শিক্ষা বৃত্তির সুযোগ পেতে পারেন।

প্রবাসী কার্ডে যেসব সুবিধা

অন্যদিকে প্রবাসী কার্ডকে একটি ডুয়েল-কারেন্সি ডিজিটাল কার্ড হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এতে বিভিন্ন আর্থিক ও সেবামূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও ইমিগ্রেশনে বিশেষ সেবা, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিমান টিকিট, হোটেল বুকিং ও গাড়ি ভাড়ায় ছাড় পাওয়ার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আর্থিক সুবিধার মধ্যে রেমিট্যান্সের ওপর বাড়তি প্রণোদনা, সহজ শর্তে ঋণ, অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট ও ক্রেডিট স্কোরিং সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। রেমিট্যান্স প্রণোদনা সর্বোচ্চ ৩ শতাংশ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

সামাজিক ও কল্যাণমূলক সুবিধার মধ্যে সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছাড়, প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন ও বীমা সুবিধা এবং জমি নিবন্ধন ও বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পার্থক্য কোথায়?

বিএমইটি বহির্গমন ছাড়পত্র মূলত বিদেশে বৈধভাবে কর্মসংস্থান ও আইনি সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে প্রবাসী কার্ডের মূল লক্ষ্য হলো প্রবাসীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আর্থিক, সামাজিক ও দৈনন্দিন সেবায় বাড়তি সুবিধা দেওয়া

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বিএমইটি ছাড়পত্র প্রবাসী কর্মীদের বৈধ অভিবাসন ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। আর প্রবাসী কার্ড তাঁদের জীবনযাত্রা ও আর্থিক কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করার সুযোগ তৈরি করবে। দুটি উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রবাসীদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।