নিউইয়র্ক কনস্যুলেটে নূর হোসেনকে নিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

নিউইয়র্কে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য দুঃখ প্রকাশ করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র ও নির্ধারিত অতিথি তালিকার ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনস্যুলেটের ভাষ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রের একটি বিষয়ে আমন্ত্রিত অতিথি নূর হোসেন ভিন্নমত প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে আরও দু-একজন আমন্ত্রিত অতিথি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল আজ দুপুরে নূর হোসেনকে কনস্যুলেটে আমন্ত্রণ জানান এবং উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

কনস্যুলেট বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা একটি সর্বজনীন ও মৌলিক অধিকার। কোনো মতামতের সঙ্গে একমত বা ভিন্নমত পোষণ করা স্বাভাবিক হলেও সবার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্যুলেট মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং এ অধিকারের মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

একই সঙ্গে রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখাকেও গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছে কনস্যুলেট।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংযম, দায়িত্বশীলতা ও সহযোগিতাও প্রত্যাশা করেছে কনস্যুলেট।

কনস্যুলেট জানায়, ভবিষ্যতে তাদের আয়োজিত অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণপত্র ও নির্ধারিত অতিথি তালিকার ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানের সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য উদ্যোগও নেওয়া হবে।

পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে ভবিষ্যতেও সব অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।