ওমানে শ্রমবাজার খোলার নামে ভুয়া প্রচারণা, সতর্ক করল দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে গেছে, ভিসা চালু হয়েছে কিংবা ‘ফ্রি ভিসা’ দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস এবং ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণায় বিশ্বাস না করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করতেও সতর্ক করেছে দূতাবাস।

সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমবাজার খুলে যাওয়ার প্রচারণা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই দূতাবাস এ সতর্কতা জারি করেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে দেশটির শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য ছিল আল ধাহিরাহ অঞ্চলের কৃষিশ্রমিকের চাহিদা পূরণে প্রয়োজন হলে ওই এলাকার কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি জানানো।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ বিদেশি কর্মীদের জন্য ব্যাপকভাবে কর্মী নিয়োগ, নতুন করে ভিসা ইস্যু কিংবা ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তাই ওমানে যাওয়ার জন্য অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই করার পাশাপাশি দূতাবাস বা সংশ্লিষ্ট সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনির্ভরযোগ্য প্রচারণায় বিশ্বাস করে প্রতারিত হলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশে গিয়ে নানা জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। তাই ভিসা ও কর্মসংস্থানসংক্রান্ত যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।