ওমানের কৃষি ভিসার নামে প্রতারণা, টাকা না দেওয়ার পরামর্শ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ওমান কৃষি শ্রমিক নিয়োগ’ সংক্রান্ত বিজ্ঞপ্তিকে ভুয়া ও প্রতারণামূলক বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগ দিচ্ছে এবং সহজে ভিসা পাওয়া যাচ্ছে—এমন প্রচারণা ছড়িয়ে পড়ার পর এ সতর্কতা দেওয়া হয়েছে।

১৩ আগস্ট এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। একই বিষয়ে বাংলাদেশ দূতাবাস, মাসকাটও কোনো সরকারি যোগাযোগ বা তথ্য পায়নি।

দূতাবাস বলেছে, কিছু অসাধু ব্যক্তি ও ভুয়া এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমান কৃষি শ্রমিক চাই’, ‘কৃষি ভিসা পাওয়া যাচ্ছে’সহ বিভিন্ন শিরোনামে বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপন সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক। তাই এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।

টাকা দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ

বিদেশে কর্মসংস্থানের আশায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন দেখে ব্যক্তিগত এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভিসা বা চাকরির নিশ্চয়তার কথা বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হতে পারে। এ ধরনের প্রতারণার শিকার হলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশযাত্রার ক্ষেত্রেও জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।

দূতাবাস জানিয়েছে, ওমানে কর্মসংস্থান বা ভিসা সংক্রান্ত কোনো তথ্যের ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি ও তথ্য অনুসরণ করা উচিত।

বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য জানতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডও দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করেছে। সংস্থাটিও জানিয়েছে, ওমান সরকার কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের বিজ্ঞাপন দেখে ভিসা, রেজিস্ট্রেশন বা চাকরির নামে কাউকে টাকা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।