মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট চান না বায়রার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে নিয়ে আবারও সিন্ডিকেট গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সদস্যরা। তারা বলছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়, সব বৈধ রিক্রুটিং এজেন্সির সমান অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরের হোটেল ফার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বায়রার সাবেক নেতা ও সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য নতুন করে প্রায় ১৭ কোটি টাকার সিন্ডিকেট তৈরির চেষ্টা চলছে। প্রস্তাবিত তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৫০ লাখ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা, দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া কর্মীপ্রতি ৫ হাজার রিঙ্গিত করে ‘সিন্ডিকেট ফি’ আদায়ের পরিকল্পনা চলছে বলেও দাবি করেন বায়রার সদস্যরা।

ফখরুল ইসলাম বলেন, ‘আমরা মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রাখার পক্ষে নই। আমরা চাই শ্রমবাজার দ্রুত খুলুক। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়; সব বৈধ রিক্রুটিং এজেন্সির সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, মালয়েশিয়া সরকার যদি সীমিতসংখ্যক লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, তাহলে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) আরও শক্তিশালী করা যেতে পারে। বোয়েসেলের তদারকিতে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দিয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা যেতে পারে। প্রয়োজনে বোয়েসেল এ ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারে।

বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, কোনোভাবেই মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হতে দেওয়া উচিত নয়। এতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে। শ্রমবাজারে সিন্ডিকেট হলে তিনি শহীদ মিনারে অনশন করারও হুমকি দেন।

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এম এ ছালাম, মফিজ উদ্দিন, আকবর হোসেন মঞ্জু, সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী ও হক জহিরুল জুসহ সংগঠনের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।