ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের রায়

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বেআইনি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করেছে আমেরিকার একটি ফেডারেল আদালত। শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জেনেট এ. ভার্গাস এ রায় দেন।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, পররাষ্ট্র দপ্তরের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার সামগ্রিক নীতি বাতিল করা হয়েছে। এই রায় বাংলাদেশি অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। আবেদনকারীরা আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে অংশ নিতে পারলেও ভিসা ইস্যু বন্ধ রাখা হয়।

আমেরিকার সরকারের যুক্তি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের আমেরিকায় গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

ব্যক্তিভেদে আবেদন যাচাইয়ের নির্দেশ

শুক্রবারের রায়ে বিচারক ভার্গাস পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতিকে আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করেন। আদালতের সিদ্ধান্তের মূল বিষয় হলো, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে একজন আবেদনকারীর অভিবাসী ভিসা আটকে রাখা যাবে না।

আইনের অধীনে প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি পৃথকভাবে মূল্যায়নের যে প্রক্রিয়া রয়েছে, সেটি অনুসরণ করতে হবে বলে আদালত জানিয়েছেন।

মামলায় বাদীপক্ষের অন্যতম প্রধান যুক্তি ছিল, কংগ্রেসের তৈরি অভিবাসন ও জাতীয়তা আইন অনুযায়ী কনস্যুলার কর্মকর্তাদের প্রত্যেক ভিসা আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রয়েছে। কিন্তু ৭৫ দেশের জন্য জারি করা নীতিতে কর্মকর্তাদের সেই ব্যক্তিগত মূল্যায়নের সুযোগ কার্যত সীমিত করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণ

জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত থাকায় অনেক পরিবার, স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তান এবং কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসা আবেদনকারী অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন।

নতুন রায়ের ফলে ৭৫ দেশের নাগরিকদের ওপর সামগ্রিকভাবে ভিসা স্থগিত রাখার নীতিতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে এর অর্থ এই নয় যে সব বাংলাদেশি আবেদনকারীর ভিসা এখনই হাতে চলে আসবে।

প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট কনস্যুলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কোনো আবেদনকারীর অন্য কোনো আইনগত অযোগ্যতা থাকলে সেটিও আলাদাভাবে বিবেচনা করা হতে পারে।

সরকারের আপিলের সম্ভাবনা

এর আগে একই নীতিকে চ্যালেঞ্জ করে আমেরিকার অন্য একটি ফেডারেল আদালতেও মামলা হয়েছিল। ৩১ জুলাই ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যামিট পি. মেহতা ব্রাজিলের এক নাগরিক ও তার পরিবারের মামলায় পররাষ্ট্র দপ্তরের নীতিকে বেআইনি ঘোষণা করেছিলেন। তবে ওই রায়ে মূলত সংশ্লিষ্ট পরিবারের আবেদন পুনরায় মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

নিউইয়র্কের শুক্রবারের রায়টি তুলনামূলকভাবে বিস্তৃত। কারণ এতে শুধু কোনো ব্যক্তি বা পরিবারের আবেদন নয়, বরং ৭৫ দেশের নাগরিকদের ওপর প্রয়োগ করা পুরো ভিসা স্থগিত নীতির বৈধতাকে চ্যালেঞ্জ করে সেটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আমেরিকার সরকার এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারে। ফলে স্থগিত থাকা আবেদনগুলো কীভাবে পুনরায় বিবেচনা করা হবে এবং কবে থেকে স্বাভাবিকভাবে ভিসা ইস্যু শুরু হবে, তা পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের ওপর নির্ভর করবে।