আপিল না হলে দ্রুত শুরু হতে পারে ৭৫ দেশের অভিবাসী ভিসা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
নিউইয়র্কের একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার নীতিকে বেআইনি ঘোষণা করেছেন। ফলে ট্রাম্প প্রশাসন উচ্চ আদালতে আপিল না করলে বাংলাদেশসহ ওই দেশগুলোর নাগরিকদের স্থগিত থাকা অভিবাসী ভিসার আবেদন আবার প্রক্রিয়াকরণের পথ খুলে যেতে পারে।
শুক্রবার ম্যানহাটনের ফেডারেল ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাস এ রায় দেন। আদালত মনে করেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা ইস্যু বন্ধ রাখার সিদ্ধান্ত ফেডারেল অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। একই সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি কার্যকরের ক্ষেত্রে আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলেও আদালত উল্লেখ করেন।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রেখেছিল আমেরিকার পররাষ্ট্র দপ্তর। ফলে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা এসব দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া কার্যত অনির্দিষ্ট সময়ের জন্য আটকে যায়। আবেদনকারীরা আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেলেও ভিসা ইস্যু করা হচ্ছিল না।
ওই নীতির পেছনে ‘পাবলিক চার্জ’ ঝুঁকির কথা উল্লেখ করেছিল আমেরিকার সরকার। অর্থাৎ কোনো আবেদনকারী আমেরিকায় যাওয়ার পর সরকারি সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, সেটিকে নীতির অন্যতম ভিত্তি হিসেবে দেখানো হয়েছিল।
নীতিটির বিরুদ্ধে ক্যাথলিক লিগাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, ইএনসি ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদারসহ বিভিন্ন সংগঠন এবং ক্ষতিগ্রস্ত ভিসা আবেদনকারী ও আমেরিকান নাগরিকরা মামলা করেন। মামলাটি ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত।
আদালতের ২১ আগস্ট ২০২৬ শুক্রবারের রায়ে শুধু ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতের নীতিই বাতিল করা হয়নি, এই নীতির কারণে যেসব ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, সেগুলোও পুনর্বিবেচনার জন্য পররাষ্ট্র দপ্তরকে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনগুলো আইন অনুযায়ী পৃথকভাবে মূল্যায়ন করতে হবে।
তবে আদালতের এই রায়ের অর্থ এই নয় যে ৭৫ দেশের সব আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে অভিবাসী ভিসা পেয়ে যাবেন। প্রত্যেক আবেদনকারীকে অন্যান্য অভিবাসন ও ভিসা-সংক্রান্ত যোগ্যতা পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
এখন ভিসা ইস্যু স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ। প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না কিংবা রায় কার্যকর স্থগিত রাখতে উচ্চ আদালতের কাছে আবেদন করবে কি না, তার ওপর ভিসা প্রক্রিয়া কত দ্রুত স্বাভাবিক হবে তা অনেকটাই নির্ভর করছে।
শুক্রবারের রায়ের পর শনিবার সকাল পর্যন্ত আমেরিকার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়নি। ফলে ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু ইতোমধ্যে শুরু হয়েছে—এমনটা বলা যাচ্ছে না।
বাংলাদেশি আবেদনকারীদের জন্যও আদালতের এ রায় গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অভিবাসী ভিসার সাক্ষাৎকার দিয়েছেন, ভিসা ইস্যুর অপেক্ষায় রয়েছেন অথবা শুধু ৭৫ দেশের ওপর আরোপ করা স্থগিত নীতির কারণে ভিসা পাননি, তাদের জন্য পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তবে সংশ্লিষ্ট আবেদনকারীদের এখনই নতুন করে আবেদন করা বা অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের আবেদনের সর্বশেষ অবস্থা এবং আমেরিকান দূতাবাস ঢাকা থেকে দেওয়া নির্দেশনা অনুসরণ করা উচিত। আদালতের রায় বাস্তবায়নে আমেরিকার পররাষ্ট্র দপ্তর কী নির্দেশনা দেয়, তার ওপরই পরবর্তী প্রক্রিয়া স্পষ্ট হবে।



