জার্মানিতে পিএইচডি গবেষকদের জন্য ম্যাক্স প্ল্যাঙ্কের ফেলোশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

জার্মানিতে পিএইচডি গবেষকদের জন্য চার মাসের গবেষণা ফেলোশিপের সুযোগ দিচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যানথ্রোপলজি। পিএইচডির শেষ পর্যায়ে থাকা গবেষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইনস্টিটিউটটির আইন ও নৃবিজ্ঞান বিভাগে ২০২৭ সালের ডিসার্টেশন রাইটিং-আপ ফেলোশিপের আওতায় নির্বাচিত গবেষকদের সর্বোচ্চ চার মাস গবেষণার সুযোগ দেওয়া হবে। মূলত যেসব গবেষক পিএইচডি অভিসন্দর্ভের লেখার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, তাদের জন্য এ সুযোগ তৈরি করা হয়েছে।

ফেলোশিপের আওতায় গবেষকেরা মাসিক জীবনযাপন ভাতা পাবেন। পাশাপাশি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণা পরিবেশ ও বিভিন্ন গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ থাকবে। ফেলোরা সেমিনার, গবেষণা আলোচনা এবং আন্তবিষয়ক একাডেমিক মতবিনিময়েও অংশ নিতে পারবেন।

এই ফেলোশিপের জন্য আইন ও নৃবিজ্ঞান বিভাগের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে কাজ করা পিএইচডি গবেষকেরা আবেদন করতে পারবেন। তবে নৃবিজ্ঞানে পিএইচডি করা গবেষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

২০২৭ সালে ফেলোশিপের দুটি মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্রথম মেয়াদ ১ মার্চ থেকে ৩০ জুন এবং দ্বিতীয় মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তাদের পিএইচডি অভিসন্দর্ভ ইতোমধ্যে লেখার পর্যায়ে রয়েছে। পাশাপাশি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের আইন ও নৃবিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞদের সহযোগিতা কীভাবে তাদের গবেষণা ও অভিসন্দর্ভ সম্পন্ন করতে সহায়তা করবে, তা আবেদনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এই ফেলোশিপের মাধ্যমে পিএইচডি গবেষকেরা গবেষণার জন্য নিরিবিলি পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময় এবং একাডেমিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন।

আবেদনের লিংক….