স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

থাইল্যান্ডে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৭।

সুযোগ-সুবিধা

রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে থাইল্যান্ড সরকার। বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

  • আবাসন সুবিধা।

  • জীবনযাত্রার খরচ।

  • রেজিস্ট্রেশন ফি।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • একাডেমিক সিজিপিএ ৪.০০-এর মধ্যে অন্তত ৩.৫০ হতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য:

  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে অন্তত ৩.৫০ হতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা:

– আইইএলটিএস পরীক্ষায় সামগ্রিক ব্যান্ড স্কোর অন্তত ৬.০ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় যেসব নথি প্রয়োজন হবে—

  • হালনাগাদ সিভি।

  • পাসপোর্ট।

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।

  • দুটি রেফারেন্স লেটার।

  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

  • গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল)।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসরণ করে সরাসরি আবেদন করতে হবে।

আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এআইটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।