ইন্দোনেশিয়ায় স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত বৃত্তি, আবেদন শেষ ৩০ নভেম্বর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউআইএন মাওলানা মালিক ইব্রাহিম মালাং। ২০২৭ শিক্ষাবর্ষের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ (আইএসএস) কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা নিবন্ধন ফি, টিউশন ফি, পরীক্ষা ফি, আবাসন এবং ইন্দোনেশীয় ভাষা শেখার প্রস্তুতিমূলক কোর্সের সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পর্যায়ে আবেদনের জন্য মাধ্যমিক শিক্ষা সম্পন্ন থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়স ও যোগ্যতা

বৃত্তির জন্য আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক পর্যায়ে সর্বোচ্চ বয়স ২২ বছর, স্নাতকোত্তরে ৩৫ বছর এবং পিএইচডিতে ৪০ বছর হতে হবে।

পাশাপাশি পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। আবেদনকারী কোনো ধরনের আইনি জটিলতায় জড়িত থাকতে পারবেন না।

যেসব সুবিধা পাওয়া যাবে

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—

  • বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন ফি মওকুফ।

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

  • পরীক্ষা ফি মওকুফ।

  • শিক্ষার্থীদের আবাসন সুবিধা।

  • ইন্দোনেশীয় ভাষা শেখার প্রস্তুতিমূলক BIPA কোর্স।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বৃত্তিতে ব্যক্তিগত জীবনযাত্রার ব্যয় বা হাতখরচ দেওয়া হবে না। ফলে খাবার, যাতায়াত ও অন্যান্য ব্যক্তিগত খরচের জন্য শিক্ষার্থীদের নিজস্ব অর্থের ব্যবস্থা রাখতে হবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

স্নাতক পর্যায়ে ইসলামিক স্টাডিজের পাশাপাশি ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মনোবিজ্ঞান, ইংরেজি সাহিত্য, গণিত, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, স্থাপত্য ও প্রকৌশলসহ ৩০টি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ে ১২টি এবং পিএইচডি পর্যায়ে ছয়টি বিষয়ে আবেদন করা যাবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, ইসলামিক আইন, শরিয়াহ অর্থনীতি ও ইসলামিক স্টাডিজ।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় যেসব নথি জমা দিতে হবে—

1. পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি।

2. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।

3. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

4. সাম্প্রতিক ছবি।

5. মোটিভেশন লেটার।

6. ইংরেজি অথবা আরবি ভাষায় দক্ষতার সনদ।

7. নিজ দেশের ইন্দোনেশীয় দূতাবাস বা কনস্যুলেট থেকে সুপারিশপত্র।

8. পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় অন্যান্য নথি।

এ ছাড়া পিএইচডি পর্যায়ে আবেদনকারীদের গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

আবেদনের সময়সূচি

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর আবেদনকারীদের নথিপত্র যাচাই করা হবে। ৭ থেকে ১১ ডিসেম্বর অনলাইন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।

নির্বাচিত শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া ২০২৭ সালের জানুয়ারিতে সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীদের পুরো শিক্ষাজীবনে ন্যূনতম ৩.০০ জিপিএ বজায় রাখতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি একটি সুযোগ হতে পারে। তবে আবেদন করার আগে আবাসনের ধরন, ব্যক্তিগত জীবনযাত্রার ব্যয়, ভাষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।