ঘরে বসেই কর্নেল বিশ্ববিদ্যালয়ের ক্লাস, যেভাবে করবেন ফ্রি কোর্স

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বিশ্বের অন্যতম শীর্ষ আইভি লিগ প্রতিষ্ঠান আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এডএক্সের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই বিশ্ববিদ্যালয়টির অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে।

এসব কোর্সে শিক্ষার্থীরা বিনা মূল্যে অডিট মোডে অংশ নিতে পারবেন। তবে কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করতে চাইলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোর্সভেদে আবেদনের সময় ও শুরুর তারিখ আলাদা হতে পারে।

কোর্সের ধরন ও সুযোগ-সুবিধা

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলোতে প্রাথমিক থেকে মধ্যম পর্যায়ের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। বেশির ভাগ কোর্স স্বনির্ধারিত গতিতে (সেলফ-পেসড) সম্পন্ন করা যায়। ফলে শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময়ে পড়াশোনা করতে পারবেন।

এ ছাড়া অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আইভি লিগ প্রতিষ্ঠানের শিক্ষার অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। সাধারণভাবে আবেদনের ক্ষেত্রে বয়স বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। তবে কোর্সভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।

আবেদনের জন্য ইন্টারনেট সংযোগসহ একটি মুঠোফোন বা কম্পিউটার থাকতে হবে। শিক্ষার্থীরা বিনা মূল্যে অডিট অপশনে কোর্স করতে পারবেন। তবে সার্টিফিকেট নিতে চাইলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে এডএক্স প্ল্যাটফর্মে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর কর্নেল বিশ্ববিদ্যালয়ের পছন্দের কোর্স নির্বাচন করে এনরোল করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের যোগ্যতা, পাঠ্যসূচি ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

কোর্সভেদে আবেদনের সময় ও শুরুর তারিখ আলাদা হওয়ায় আগ্রহীদের পছন্দের কোর্সের নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সের তালিকা ও আবেদন করতে এখানে ক্লিক করুন।