কুয়েতে নাগরিকত্ব আইন সংশোধন, বাতিল ভোটাধিকার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
কুয়েত তাদের নাগরিকত্ব আইন সংশোধন করেছে। নতুন আইনে অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ভোটাধিকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া বা সংসদীয় কোনো পদে নিয়োগ পাওয়ার সুযোগও থাকছে না।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ অনুমোদিত নতুন ডিক্রির মাধ্যমে এসব পরিবর্তন আনা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা আর ভোট দিতে পারবেন না। আগে এ ধরনের নাগরিকরা ৩০ বছর নাগরিকত্ব ধরে রাখার পর ভোটাধিকার পেতেন। তবে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তাদের ছিল না।
সংশোধিত আইনে আরও বলা হয়েছে, শিগগিরই ইলেকট্রনিক নাগরিকত্ব সনদ চালু করা হবে। এসব সনদ কাগুজে নাগরিকত্ব সনদের মতোই বৈধ হবে এবং সরকারি কাজে ব্যবহার করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইলেকট্রনিক নাগরিকত্ব সনদ ইস্যু, সংরক্ষণ ও যাচাইসংক্রান্ত প্রযুক্তিগত নিয়ম নির্ধারণ করবে। প্রয়োজন হলে এসব সনদ বাতিল বা স্থগিত করার ক্ষমতাও মন্ত্রণালয়ের হাতে থাকবে।
নতুন সংশোধনীতে নাগরিকত্ব ফাইলে ভুল বা ভুয়া তথ্যের বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে। কোনো নাগরিকের সন্তান বা উত্তরাধিকারী হিসেবে ভুলভাবে কারও নাম অন্তর্ভুক্ত হলে তদন্ত ও আদালতের রায়ের ভিত্তিতে ওই ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হবে।
নাগরিকত্ব আইন সংশোধনের ফলে কুয়েতের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অনুমোদনের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ভোটাধিকার সম্পূর্ণভাবে বাতিল হওয়ায় নাগরিকদের রাজনৈতিক অধিকার নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।



