দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন সহজ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
যাত্রীসেবা আরও দ্রুত ও সহজ করতে নতুন করে সেলফ-সার্ভিস সুবিধা সম্প্রসারণ এবং রিমোট ডিপার্চার ব্যবস্থা আধুনিক করার পরিকল্পনা নিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানো, বারবার পাসপোর্ট বা বোর্ডিং পাস দেখানো এবং বিভিন্ন ধাপে অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে এরই মধ্যে চেক-ইন, বোর্ডিং পাস সংগ্রহ, ব্যাগেজ ট্যাগ প্রিন্ট এবং লাগেজ জমা দেওয়ার মতো কাজ কর্মীর সহায়তা ছাড়াই করার সুযোগ রয়েছে। এবার এসব সেলফ-সার্ভিস সুবিধার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
এর পাশাপাশি মুখ শনাক্তকরণসহ বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহারও সম্প্রসারণ করা হবে। বর্তমানে চেক-ইন, ইমিগ্রেশন, লাউঞ্জে প্রবেশ ও বোর্ডিংয়ের বিভিন্ন পর্যায়ে বায়োমেট্রিক ব্যবস্থা চালু রয়েছে। যোগ্য যাত্রীরা স্মার্ট গেটের সামনে ক্যামেরায় মুখ দেখিয়েই পাসপোর্ট নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
এমিরেটস টার্মিনাল-৩-এ ২০০টির বেশি বায়োমেট্রিক ক্যামেরা স্থাপনে ৮ কোটি ৫০ লাখ দিরহাম বিনিয়োগ করেছে।
এ ছাড়া বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ‘রেড কার্পেট’ ইমিগ্রেশন করিডোরে একসাথে ১০ জন পর্যন্ত যাত্রীকে কোনো কাগজপত্র দেখানোর জন্য থামতে হয় না। কিছু ক্ষেত্রে পাসপোর্ট নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র ৬ সেকেন্ড সময় লাগছে।
নতুন প্রযুক্তি ও সেলফ-সার্ভিস সুবিধা আরও সম্প্রসারণ করা হলে দুবাই বিমানবন্দরে যাত্রীদের ইমিগ্রেশন ও যাত্রাপথের বিভিন্ন ধাপ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।



