হংকংয়ে পিএইচডি : মিলবে ফেলোশিপ ও গবেষণা ভাতা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
সম্পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
২০০৯ সালে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি) এ ফেলোশিপ কর্মসূচি চালু করে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে।
বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে এ ফেলোশিপের জন্য আবেদন করা যাবে।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো—
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং
২. হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
৩. লিংনান ইউনিভার্সিটি
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং
৫. এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৮. ইউনিভার্সিটি অব হংকং
সুযোগ-সুবিধা
ফেলোশিপপ্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা ভ্রমণের জন্য বিশেষ ভাতাও দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো থেকেও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
যোগ্যতা
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং ফুল-টাইম পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক, তারা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ভালো একাডেমিক রেকর্ড, গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে। পাশাপাশি যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসসহ প্রয়োজনীয় সনদ লাগতে পারে। তবে যাঁদের একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় সম্পন্ন হয়েছে, তাঁদের ক্ষেত্রে আইইএলটিএসের শর্ত প্রযোজ্য নাও হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে হংকং পিএইচডি ফেলোশিপের জন্য প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন ও ফেলোশিপের বিস্তারিত তথ্য জানা যাবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে।



