আমেরিকায় তিন বছরেই স্নাতক, কমবে সময়-খরচ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
আমেরিকায় প্রচলিত চার বছরের পরিবর্তে তিন বছরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার সুযোগ দ্রুত জনপ্রিয় হচ্ছে। ইতোমধ্যে দেশটির ২৬টি অঙ্গরাজ্যের অন্তত একটি করে কলেজে তিন বছরের স্নাতক কর্মসূচি চালু হয়েছে। এতে শিক্ষার্থীরা এক বছর কম সময়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে কমছে শিক্ষার ব্যয়ও।
তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে শিক্ষার মান, উচ্চশিক্ষায় ভর্তি এবং পেশাগত লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শিক্ষাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান র্যান্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আমেরিকার ২৬টি অঙ্গরাজ্যে অন্তত একটি কলেজে তিন বছরের স্নাতক ডিগ্রি চালু হয়েছে। মে মাস পর্যন্ত প্রকাশ্যে ঘোষিত এমন কর্মসূচির সংখ্যা ছিল ১১৯টি।
কমছে ক্রেডিটও
আমেরিকায় প্রচলিত ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে সাধারণত ১২০ ক্রেডিট প্রয়োজন হয়। তবে নতুন কিছু তিন বছরের কর্মসূচিতে প্রয়োজনীয় ক্রেডিট কমিয়ে ৯০ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এক বছর আগেই ডিগ্রি শেষ করতে পারছেন।
এর আগে দ্রুত স্নাতক শেষ করার সুযোগ থাকলেও ডিগ্রির মোট ক্রেডিট কমানো হতো না। গ্রীষ্মকালীন ছুটি বাদ দেওয়া, অন্য প্রতিষ্ঠান থেকে নেওয়া ক্রেডিট যুক্ত করা কিংবা স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ডিগ্রি শেষ করতেন।
নতুন কর্মসূচিতে মূল পরিবর্তন হলো—ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় কোর্সের সংখ্যাই কমিয়ে দেওয়া হচ্ছে। ব্যবসা, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং কম্পিউটার ও তথ্যবিজ্ঞান বিষয়ে এ ধরনের কর্মসূচি তুলনামূলক বেশি চালু হয়েছে।
শিক্ষার্থীদের কাছে কেন আকর্ষণীয়
উচ্চশিক্ষার ব্যয় দিন দিন বাড়তে থাকায় তিন বছরের স্নাতক কর্মসূচি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। এক বছর কম পড়াশোনা করার ফলে টিউশন ও অন্যান্য শিক্ষাব্যয়ের পাশাপাশি এক বছর আগেই চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে।
সল্ট লেক সিটির এনসাইন কলেজের শিক্ষার্থী গাইলস সিমস এমন একটি কর্মসূচিতে ভর্তি হয়েছেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন তিনি, কারণ তাঁর কলেজ ডিগ্রি ছিল না। স্ত্রী ও বিধবা মাকে সহায়তার দায়িত্ব থাকায় চার বছর পড়াশোনার জন্য কর্মক্ষেত্র থেকে দূরে থাকাও তাঁর জন্য কঠিন ছিল। তাই তিন বছরের কর্মসূচি তাঁর জন্য তুলনামূলক বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠেছে।
উচ্চশিক্ষায় তৈরি হতে পারে জটিলতা
তবে সব বিষয়ে তিন বছরের স্নাতক ডিগ্রি চালু করা সহজ নয়। প্রকৌশলের মতো বিষয়ে বেশি গণিত ও বাধ্যতামূলক কোর্স থাকায় ক্রেডিট কমানোর সুযোগ সীমিত। শিক্ষকতার ক্ষেত্রেও বাস্তব অভিজ্ঞতা ও অঙ্গরাজ্যভিত্তিক লাইসেন্সের শর্ত থাকায় বিষয়টি জটিল হতে পারে।
তিন বছরের ডিগ্রি শেষ করে গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও এখনো অভিন্ন নীতি তৈরি হয়নি। র্যান্ডের গবেষণা অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের অতিরিক্ত কোর্স সম্পন্ন করতে হতে পারে।
পেশাগত লাইসেন্স নিয়েও প্রশ্ন
কিছু পেশায় নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট ছাড়া লাইসেন্স বা পেশাগত পরীক্ষায় অংশ নেওয়া যায় না। ফলে তিন বছরের ডিগ্রিধারীদের জন্য এ ধরনের পেশায় প্রবেশের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।
অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এমন উদ্বেগ রয়েছে। আমেরিকার অনেক অঙ্গরাজ্যে সিপিএ পরীক্ষায় অংশ নেওয়া ও লাইসেন্স পাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট প্রয়োজন হয়।
শিক্ষার মান নিয়ে বিতর্ক
তিন বছরের স্নাতক কর্মসূচির সমালোচকদের আশঙ্কা, ডিগ্রির জন্য প্রয়োজনীয় কোর্স কমিয়ে দেওয়ার ফলে শিক্ষার পরিধি সংকুচিত হতে পারে। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরসের প্রেসিডেন্ট টড উলফসনের মতে, এটি উচ্চশিক্ষায় নতুনত্বের চেয়ে শিক্ষার পরিধি কমিয়ে দেওয়ার উদ্যোগ।
অন্যদিকে সমর্থকদের দাবি, অপ্রয়োজনীয় ইলেকটিভ কোর্স বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়াই এসব কর্মসূচির লক্ষ্য।
ফলে কম সময়ে ও কম খরচে স্নাতক শেষ করার সুযোগ বাড়লেও তিন বছরের ডিগ্রি চাকরি, পেশাগত লাইসেন্স এবং পরবর্তী উচ্চশিক্ষায় কতটা গ্রহণযোগ্যতা পাবে, সেটিই এখন বড় প্রশ্ন।



