যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা, ঝুঁকিতে ৮৭ লাখ যাত্রীর তথ্য
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় প্রায় ৮৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। হামলার শিকার বিমানবন্দরগুলো হলো ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস। বিমানবন্দর তিনটি পরিচালনা করে ম্যানচেস্টার এয়ারপোর্ট গ্রুপ (এমএজি)।
এমএজি জানিয়েছে, সাইবার হামলায় মূলত বিমানবন্দরের টার্মিনালে ওয়াইফাই ব্যবহারের জন্য নিবন্ধনের সময় সংগ্রহ করা গ্রাহকদের তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। এর মধ্যে রয়েছে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও পোস্টকোড।
তবে গ্রাহকদের ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড বা অন্য কোনো পেমেন্ট-সংক্রান্ত তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
হামলার ঘটনায় বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের নিরাপত্তা ও বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ফ্লাইট পরিচালনা, টার্মিনাল কার্যক্রম, পার্কিং, লাউঞ্জ এবং ফাস্ট ট্র্যাক বুকিং সেবাও চালু রয়েছে।
এক বিবৃতিতে এমএজি জানায়, তারা একটি সাইবার নিরাপত্তা ঘটনার শিকার হয়েছে। অননুমোদিত তৃতীয় পক্ষ কিছু গ্রাহকের তথ্য সংগ্রহ করেছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছে এমএজি। গ্রাহকদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।
সাইবার হামলার পর গ্রাহকদের সতর্ক করে এমএজি বলেছে, অপরিচিত বা অপ্রত্যাশিত ইমেইল, ফোন কল কিংবা খুদে বার্তা পেলে সতর্ক থাকতে হবে। হামলায় ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে প্রতারকরা গ্রাহকদের কাছে নিজেদের এমএজির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতে পারে।
বিমানবন্দরগুলোর বিপুল যাত্রী চলাচলের কারণে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। গত এক বছরে ম্যানচেস্টার বিমানবন্দর দিয়ে ৩ কোটি ২০ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর ব্যবহার করেছেন ৩ কোটির বেশি যাত্রী। আর ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দর দিয়ে যাত্রী চলাচল করেছে প্রায় ৪০ লাখ।
তবে সাইবার হামলায় যাত্রীদের ভ্রমণ বা বিমানবন্দরগুলোর দৈনন্দিন কার্যক্রমে কোনো তাৎক্ষণিক প্রভাব পড়েনি বলে জানিয়েছে এমএজি।



