মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল-আযহারে, যেভাবে মিলবে সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

দেশের কওমি বা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা না করেও মিশরের ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে সাধারণ শিক্ষা অর্থাৎ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ।

তিনি জানান, সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা আল-আযহারে পড়তে চাইলে প্রথমেই আরবি ভাষায় দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ একাডেমিক কার্যক্রমের মাধ্যম আরবি।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সরাসরি অনার্সে ভর্তির সুযোগ নেই। তাই বাংলাদেশ থেকে সাধারণ শিক্ষা নিয়ে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের মিশরে গিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে। সেখানে নির্ধারিত পর্যায়ের আরবি ভাষা শিক্ষা সম্পন্ন করার পর পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় যেতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক থাকায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আলিমের সার্টিফিকেটের ভিত্তিতে সরাসরি অনার্স পর্যায়ে ভর্তির সুযোগ পান। তবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে এ ধরনের সমঝোতা না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য একই সুবিধা নেই।

আরবি ভাষা শেখা গুরুত্বপূর্ণ

আল-আযহারে পড়াশোনার ক্ষেত্রে আরবি ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের বড় একটি অংশ আরবি ভাষায় পরিচালিত হওয়ায় সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের মিশরে যাওয়ার আগে অথবা সেখানে গিয়ে আরবি ভাষা শেখার প্রস্তুতি রাখতে হবে।

আরবি ভাষা ইনস্টিটিউটের পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম ও যোগ্যতা অনুযায়ী পরবর্তী শিক্ষাক্রমে যাওয়ার সুযোগ তৈরি হবে।

খরচের বিষয়েও প্রস্তুতি প্রয়োজন

সাধারণ শিক্ষা থেকে আল-আযহারে পড়তে আগ্রহীদের আর্থিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বাংলাদেশ থেকে সরাসরি সরকারি স্কলারশিপের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের নিজেদের অর্থের উৎস নিশ্চিত করে মিশরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে প্রথম দুই থেকে তিন বছর পর্যন্ত পড়াশোনা ও জীবনযাপনের ব্যয় বহন করার মতো আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন। কারণ আরবি ভাষা শেখা এবং পরবর্তী ভর্তি প্রক্রিয়া মিলিয়ে আল-আযহারে পড়াশোনা শুরু করতে সাধারণ শিক্ষার্থীদের তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে।

এ ছাড়া মিশরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ না থাকায় পড়াশোনার পাশাপাশি কাজ করে খরচ চালানোর ওপর নির্ভর না করে আগে থেকেই পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আল-আযহারে পড়ার পথ বন্ধ নয়। তবে মাদ্রাসা শিক্ষার্থীদের তুলনায় তাদের প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ। আরবি ভাষা শেখা, প্রয়োজনীয় যোগ্যতা অর্জন এবং কয়েক বছরের আর্থিক প্রস্তুতি—এই তিনটি বিষয় মাথায় রেখে পরিকল্পনা করলে সাধারণ শিক্ষার শিক্ষার্থীরাও আল-আযহারে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন।